eaibanglai
Homeএই বাংলায়ইসিএলের নবনির্মিত জলাধারের দেওয়াল ধসে মৃত ২, আহত ১ শিশু

ইসিএলের নবনির্মিত জলাধারের দেওয়াল ধসে মৃত ২, আহত ১ শিশু

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের জামুড়িয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের, আহত এক শিশু। দুর্ঘটনায় ইসিএলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে ।

জানা গেছে, ইসিএলের কেন্দা এরিয়ার ইষ্ট কেন্দার ভুঁইয়া পাড়ায় সাধারণ মানুষের ব্যবহারের জন্য ইসিএল একটি নতুন জলাধারটি নির্মাণ করেছিল। রবিবার বিকেলে সেটিতে জল ভরে পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় বহু স্থানীয় বাসিন্দারা নতুন রিজার্ভারটি দেখতে সেখানে ভিড় জমান। কেউ কেউ জলে হাত-পা ধোয়াধুয়িও করছিলেন। সেই সময় হঠাৎ করেই রিজার্ভারের এক পাশের দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় ভুঁইয়া পাড়ার বাসিন্দা প্রকাশ ভুঁইয়া (৩০) , পবন ভুঁইয়া (২০) এবং এক শিশু (ভরত ভুঁইয়া) দেওয়ালের নিচে চাপা পড়ে যায়। স্থানীয়রাই দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রকাশ ভুঁইয়া ও পবন ভুঁইয়াকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয়রা। পরে জামুড়িয়া থানার পুলিশ এলাকায় ছুটে যায় ও পরিস্থিতি সামাল দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments