eaibanglai
Homeএই বাংলায়পুলিশ গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আসানসোলে

পুলিশ গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আসানসোলে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রবিবার রাতে আসানসোলের রেলপাড় এলাকায় পুলিশ গাড়ির ধাক্কায় এক শিশু সহ সাতজন আহত হয়। এবার সৈই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানওতোর। বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে মিথ্যে তথ্য সামনে এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ এনেছে।

প্রসঙ্গত, রবিবার রাতে পুলিশের ওই গাড়ি আসানসোলের জুবিলি মোড় থেকে শীতলা হয়ে রেলপাড়ের ওকে রোড এলাকা পৌঁছয় এবং এলাকার কবরস্থানের দেওয়াল, একাধিক দোকান, অটো, টোটো ও পথচারীদের ধাক্কা মারে। এর ফলে এক শিশু সহ সাতজন আহত হন। ঘটনার পরে গোটা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রাতেই ওই এলাকায় পৌঁছন আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ওই ঘটনার পর দাবি করা হয়েছিল পুলিশের গাড়িটি চালাচ্ছিলেন সিআইএসএফের জওয়ান। কিন্তু, পরে জানা যায়, সিআইএসএফের কোন জওয়ান নয়, রাজ্য পুলিশের ৭ম ব্যাটালিয়নের চালক অমলেশ মণ্ডল ওই গাড়িটি চালাচ্ছিলেন। অভিযোগ, তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন।

বিষয়টি সামনে আসতেই ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। আসানসোল উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বার্নপুরে দলীয় কার্যালয়ে এক সাক্ষাৎকারে বলেন, “তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই ঘটনায় চালকের পরিচয় হিসেবে কেন্দ্রীয় বাহিনীর সিআইএসএফের জওয়ান হিসেবে ছড়িয়ে দিয়ে কেন্দ্র সরকার ও বিজেপিকে বদনাম করার চেষ্টা করেছে। তৃণমূল বুঝতে পেরেছে যে তারা হারের মুখে। তাই হিংসা ও বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাইছে। দুঃখজনক বিষয় হলো , ঘটনার পর আহতদের সাহায্য করার বদলে তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে গিয়ে রাজনৈতিক দোষারোপে ব্যস্ত হয়ে পড়েন।”

কৃষ্ণেন্দুবাবু এদিন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments