অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: আসানসোলের কোর্ট মোড় এলাকায় একটি ফ্ল্যাটের দখল ও ভাড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে চরম উত্তেজনা ছড়াল। ফ্ল্যাট মালিক মহেন্দ্র কুমার আগরওয়ালের পরিবারের অভিযোগ, গত ১৫ বছর ধরে সঞ্জয় সরকার নামক এক ব্যক্তিকে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু গত ১০ বছর ধরে তিনি কোনো ভাড়াই মেটাননি।
মালিকপক্ষের প্রতিনিধি ভিক্কি আগরওয়ালের দাবি, ওই ফ্ল্যাটে আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলর ববিতা দাসও থাকতেন। ভাড়ার কথা বলতে গেলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের ভয় দেখানো হতো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরিস্থিতি বদলাতেই এদিন পাণ্ডবেশ্বর থেকে মালিকপক্ষ এসে ফ্ল্যাট খালি করার দাবি জানান। পাল্টা যুক্তিতে সঞ্জয় সরকার ভাড়া বকেয়া থাকার কথা স্বীকার করলেও ববিতা দাসের সঙ্গে থাকার বিষয়টি নিয়ে সাফাই দেন। ববিতা দেবীও অভিযোগ অস্বীকার করে জানান, সঞ্জয় তার ভাইয়ের মতো। থাকার জায়গা না থাকায় তিনি মাঝে মধ্যে সেখানে রাত কাটাতেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা অঙ্কুর রায়। তিনি জানান, ১০ বছর ভাড়া না দেওয়া অন্যায় হলেও আইন মেনে নোটিশ দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। শেষমেশ কাউন্সিলর ববিতা দাস তার মালপত্র সরানোর জন্য দুই দিন সময় চেয়েছেন। আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে।


















