সংবাদদাতা,আসানসোলঃ- বৃহস্পতিবার ভোররাতে ১৯ নম্বর জাতীয় সড়কের মেলেকোলা মোড়ের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো এক ডাম্পার চালকের। কয়লাবোঝাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, সংঘর্ষের তীব্রতায় ডাম্পারের সামনের কেবিনটি দুমড়ে-মুচড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। কেবিনের ভেতরেই আটকে পড়েন চালক। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি বেরোনোর সুযোগ পাননি। ভোর সাড়ে চারটে নাগাদ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কেবিনের ভেতর থেকে দগ্ধ দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সংঘর্ষের ফলে ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। সালানপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং নিহতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।


















