সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে পালা বদলের পর সংবাদ শিরোনামে উঠে আসছে একের পর এক তৃণমূল নেতার দুর্নীতি ও কুকীর্তির কথা। এবার সরকারি সম্পত্তি আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বাঁকুড়ার ছাতনায় তৃণমূলের কৃষক সেলের জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে ছাতনায় অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ক্যাম্পাসের ঘর ও সরকারি জমি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার ধৃত তৃনমূল নেতাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
২০১৮ সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাতনা ক্যাম্পাসটি শুশুনিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এই ক্যাম্পাসের ২৯ একর জমি দখল করে নেন উক্ত তৃণমূল নেতা। ক্লাসরুমগুলো বিলাসবহুল হোটেলের কায়দায় সাজিয়ে তোলেন। জমিতে শুরু করেন হাঁস-মুরগির পোলট্রি। আর ফাঁকা জমিতে চাষবাস। স্থানীয়দের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে তিনি নিজের সংসার পেতে বসবাস করতেন।
গতকাল তিনি ক্যম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী লরিতে অন্যত্র পাঠাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। তৃণমূল নেতাকে হাতেনাতে পাকড়াও করা হয়। এর পরেই তৃণমূল নেতার বিরুদ্ধে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন।
তদন্তে নেমে রাতেই শঙ্কর চক্রবর্তী গ্রেপ্তার করে ছাতনা পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি জমিতে বিনা অনুমতিতে অনুপ্রবেশ, বিশ্বাসভঙ্গ, চুরি, প্রতারণা, হুমকি দিয়ে অন্যের জায়গা দখল করে রাখা ও ইচ্ছাকৃত ভাবে অন্যের সম্পত্তির ক্ষতি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।










