নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা। বাদ নেই পশ্চিম বর্ধমান জেলাও। জেলার দুই শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন । এবার জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে সরকারি ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল।
শুক্রবার পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ও অফিস ঘর ঘিরে বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসের গোডাউনে সরকারি ত্রিপল-সহ একাধিক সরকারি ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বলে দেখা যায়। প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। চলে তুমুল বিক্ষোভ।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি ত্রিপল ও অন্যান্য সরকারি সামগ্রী কেন একজন প্রাক্তন বিধায়কের অফিস ঘরের গোডাউনে মজুত থাকবে? কার নির্দেশে এই সামগ্রী সেখানে রাখা হয়েছিল? কেন সাধারণ মানুষের মধ্যে তা বিলি করা হয়নি?
এদিকে এলাকাবাসীর বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী।
যদিও এই ঘটনায় তৃণমূল জেলা সভাপতি বা তৃণমূল নেতৃত্বের তরফে কোন মন্তব্য করা হয়নি।


















