নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এক ছাদের তলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রদান করতে রাজ্য সরকারের তরফে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে রাজ্য জুড়ে। যাতে সরকারি পরিষেবার সুবিধা মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারে। সোমবার ১৫ জুন থেকে শুরু হওয়া এই শিবির চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির খোলা থাকবে।
শিবির গুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন অন্নপূর্ণা যোজনা,আয়ুষ্মান ভারত, প্রধান মন্ত্রী জন ধন যোজনা সহ একাধিক প্রকল্পের জন্য আবেদন করা যাবে। পাশাপাশি শিবিরের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে শিবিরের প্রথম দিনেই দুর্গাপুরের তিন নম্বর বোরো কার্যালয়ের জনকল্যাণ শিবিরে উপচে পড়ল ভিড়। এদিন এই শিবির পরিদর্শন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি শিবিরে আসা উপভোক্তা ও শিবিরে যারা পরিষেবা দিচ্ছেন উভয়ের সঙ্গেই কথা বলে জানার চেষ্টা করেন কোথাও কোন অসুবিধা হচ্ছে কিনা। পাশাপাশি পরিবেশ সচেতনতা বার্তা দিতে শিবিরে আসা উপভোক্তাদের হাতে গাছের চারা তুলে দেন বিধায়ক।



















