eaibanglai
Homeএই বাংলায়বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা ২,০০০ টাকা বৃদ্ধি, খুশির পাশাপাশি ভবিষ্যৎ সুরক্ষার দাবিও

বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা ২,০০০ টাকা বৃদ্ধি, খুশির পাশাপাশি ভবিষ্যৎ সুরক্ষার দাবিও

সংবাদদাতা, আসানসোলঃ- রাজ্য বিধানসভায় বিজেপি সরকারের পেশ করা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ২,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন সিভিক ভলান্টিয়াররা। তবে ভাতা বৃদ্ধির পাশাপাশি মেডিক্যাল সুবিধা, পিএফ এবং ভবিষ্যৎ সুরক্ষার মতো বিষয়গুলিও বিবেচনার দাবি তুলেছেন তাঁরা।

এক সিভিক ভলান্টিয়ার বলেন, “ভাতা ২,০০০ টাকা বেড়েছে, এতে আমরা খুশি। সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু এর পাশাপাশি যদি আমাদের জন্য মেডিক্যাল সুবিধা এবং পিএফের ব্যবস্থা করা হতো, তাহলে আরও ভালো হতো। আমাদেরও পরিবার আছে, ভবিষ্যৎ আছে। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে তখন আমরা কার কাছে সাহায্য চাইব?”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছর ধরে এই বিভাগে কাজ করছি। সাধারণ বেসরকারি সংস্থার কর্মীরাও ইএসআই-এর সুবিধা পান, অথচ আমরা এখনও সেই ধরনের কোনো সুরক্ষা পাইনি। তাই সরকারের কাছে আমাদের আবেদন, ভাতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের সামাজিক সুরক্ষা ও ভবিষ্যতের দিকটিও যেন গুরুত্ব দিয়ে দেখা হয়।”

রোদ-বৃষ্টি কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করার কথা উল্লেখ করে ওই সিভিক ভলান্টিয়ার বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং ভবিষ্যতেও থাকব। সরকারের এই সিদ্ধান্তে আমরা খুশি, তবে কর্মীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

বাজেটে ভাতা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়ে সিভিক ভলান্টিয়ারদের একাংশের আশা, আগামী দিনে তাঁদের দীর্ঘদিনের দাবিগুলিও গুরুত্ব সহকারে বিবেচনা করবে রাজ্য সরকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments