সৌভিক সিকদার, পানাগর -: প্রশাসনের কড়া বিধিনিষেধকে তোয়াক্কা না করে পানাগড় বাইপাসে দিবারাত্রি চলা অবৈধ পার্কিংয়ের বলি হলেন এক বাইক আরোহী। সোমবার দুপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে মর্মান্তিক মৃত্যু হয় ৪১ বছর বয়সী গোপাল বাগের। মৃত ব্যক্তি দুর্গাপুরের আরা কালীগঞ্জের বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকার পর বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় ও রাজ্য সড়কের ধারে বেআইনি পার্কিং নিষিদ্ধ থাকলেও, পানাগড় বাইপাসে তা অব্যাহত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। অভিযোগ, পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে উল্টে হেলমেট ফেলে তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশের এই আচরণে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধ পার্কিং রুখতে প্রশাসনের চূড়ান্ত উদাসীনতা ও পুলিশের এই পলায়নপর মনোবৃত্তি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।


















