নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়ি থেকে পাকিস্তানের পতাকা উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হল। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে।
ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রায়ডাঙা কলোনি এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দফতরের কর্মী আশরাফ আলির বাড়ির সামনে পাকিস্তানের পতাকা দেখতে পান এলাকার বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। এলাকাবাসীর অভিযোগ, দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কারণেই ওই পতাকা রাখা হয়েছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোকওভেন থানার পুলিশ।
পরে আশরাফ আলিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং পতাকাটি সেখানে কীভাবে এল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, যার বিরুদ্ধে এই অভিযোগ সেই আশরাফ আলি দাবি করেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


















