সংবাদদাতা,বাঁকুড়ঃ- একটি বাঁদরকে ঘিরে চরম আতঙ্ক তৈরি হল বাঁকুড়ার ইন্দাসে। গ্রামে তাণ্ডব চালানোর পাশাপাশি স্কুলে ঢুকেও তাণ্ডব চলালো বাঁদর। ঘটনায় জখম হয়েছেন কয়েকজন গ্রামবাসী ও স্কুলপড়ুয়া। ঘটনা বাঁকুড়ার জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গেছে গত কয়েক দিন ধরে একটি বাদর তাণ্ডব চালাচ্ছিল আকুই গ্রামে। এরই মধ্যে মঙ্গলবার সকালে বাঁদরটি আকুই ইউনিয়ন হাই স্কুলে ঢুকে পড়ে এবং স্কুল চত্বরে ছাত্রছাত্রীদের তাড়া করে এবং আতঙ্কের পরিবেশ তৈরি করে। এমনকি মিড-ডে মিলের সময় খাবারের থালা ফেলে দেওয়া ও রান্না নষ্ট করার ঘটনাও ঘটায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুলের প্রধান শিক্ষক সুরজিৎ দলুই বাঁকুড়া বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমদিকে প্রয়োজনীয় কিছু সরঞ্জামের অভাবে অভিযান সাময়িকভাবে ব্যাহত হলেও পরে অতিরিক্ত সরঞ্জাম নিয়ে ফের ঘটনাস্থলে ফিরে আসেন বনকর্মীরা। এবং দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ গ্রামবাসীদের সহযোগিতায় বাঁদরটিকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয় বনদপ্তর।
বনদপ্তরের এই অভিযানের পর আকুই গ্রামের বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অন্যদিকে বনদপ্তর সূত্রে জানা গেছে বাঁদরটিকে পাত্রসায়ের এলাকার একটি গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।


















