সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- ২০২১সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার রানিগঞ্জের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা ও শ্রমিক নেতা বিবেক মণ্ডল। মঙ্গলবার দুই নেতাকে গ্রেফতার করে বুধবার তাদের আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জ থানায় ধৃতদেরকে রাখা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা ছিল। সেই কারণে বুধবার সকালে দুই নেতাকে আসানসোল দক্ষিণ থানায় স্থানান্তর করা হয়। পরে আসানসোল দক্ষিণ থানা থেকে কড়া নিরাপত্তার মধ্যেই ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে প্রবেশের সময় দু’জনকেই মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়।
দীর্ঘদিন ধরেই অশোক হেলা ও বিবেক মণ্ডলের বিরুদ্ধে এলাকায় দাদাগিরি, সন্ত্রাস, নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া, মহিলাদের ওপর অত্যাচার, ভয় দেখিয়ে মারধর করে জমি দখল এবং এলাকায় প্রভাব বিস্তারের মতো একাধিক অভিযোগ রয়েছে।


















