সন্তোষ কুমার মণ্ডল, পানাগড়ঃ- যুদ্ধবিমানের উড়ান সুরক্ষা নিশ্চিত করতে এবং বড়সড় বিপর্যয় এড়াতে পানাগড় বিমানঘাঁটি সংলগ্ন এলাকায় বিশেষ সচেতনতামূলক অভিযান শুরু করল ভারতীয় বিমানবাহিনী। মূলত ঘাঁটির আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকা এবং বাজারগুলির বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।
স্বাধীনতা-পরবর্তী সময়ে গড়ে ওঠা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামরিক বিমানঘাঁটি থেকে প্রতিনিয়ত একাধিক যুদ্ধবিমান মহড়া ও নজরদারির কাজে যাতায়াত করে । তবে সম্প্রতি দেখা গেছে, সংলগ্ন স্থানীয় বাজারগুলির মাছ ও মাংসের অবশিষ্ট পচা বর্জ্য খোলা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। এই বর্জ্যের লোভে আকাশে চিল, কাক ও শকুনের মতো পাখির ভিড় বাড়ছে । বিমান ওঠা বা অবতরণের সময় এই পাখিদের সঙ্গে বিমানের ধাক্কা লাগলে কোটি কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি মারাত্মক প্রাণহানির আশঙ্কা থাকে।
এই সম্ভাব্য বিপদ রুখতে পানাগড় বিমানঘাঁটির আধিকারিকরা সরাসরি মাঠে নেমে বিশেষ সচেতনতা শিবির শুরু করেছেন । বায়ুসেনার তরফে ব্যবসায়ী ও বাসিন্দাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোনো বর্জ্য খোলা জায়গায় ফেলা যাবে না, তা পঞ্চায়েতের নির্ধারিত স্থানে ঢাকনা দেওয়া ডাস্টবিনে জমা করতে হবে।
জাতীয় নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনের সুরক্ষায় এমন পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।