সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে আসানসোলের ২০ পর্যটক। সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠল ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে।
জানা গেছে, গত মাসের ২৫ তারিখে দুবাই ভ্রমণে গিয়েছিলেন আসানসোলের ২০ জন পর্যটক। যাদের মধ্যে রয়েছেন আসানসোল শিল্পাঞ্চলের শিল্পপতি মাধব রায়, প্রভাকর রায়সহ আরও অনেকেই। কিন্তু ইজরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির জেরে তারা সেখানে আটকে পড়েন। একটি ট্যুর এজেন্সির মাধ্যমে এই পর্যটকেরা দুবাইয়ে গিয়েছিলেন।
ওই ট্যুর এজেন্সির মালিক নীলকণ্ঠ চট্টোপাধ্যায় জানান, গত ২৫ তারিখ তাদের এজেন্সির তরফে দুবাই ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। সেই মতো ২০ জন পর্যটককে নিয়ে গিয়েছিলেন দুবাইয়ে। তাদের দেশে ফেরার কথা ছিল চলতি মাসের ৩ তারিখে। কিন্তু ইরান-ইজরাইলের মধ্যে হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় তারা দুবাইতেই আটকে পড়েন। বর্তমানে দুবাইয়ের একটি হোটেলে রয়েছেন তারা। পাশাপাশি তিনি অভিযোগ করেন এই পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও কোন সাহায্য় পাননি। বরং চরম অসহযোগিতা ও দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেন।
এদিকে মাঝে মধ্যেই বোমার শব্দে শোনা যাচ্ছে বলে জানিয়েছেন হোটেলে আটকে পড়া পর্যটকরা। ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটছে সকলের।
এই বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সরকারি স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।