সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাকে ঘিরে উত্তেজনা ছড়াল। বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়। এই ঘটনায় কয়েক জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
প্রসঙ্গত রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়ে বৃহস্পতিবার সকালে কুলটি থেকে শুরু হয় আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, কৃষ্ণা প্রসাদ সহ বিজেপির পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব ও দলের অসংখ্য নেতা-কর্মী। দলীয় সূত্রে জানা গেছে জানা যায় এই ‘পরিবর্তন যাত্রা’ দু’দিন ধরে আসানসোল সাংগঠনিক জেলা জুড়ে ঘুরবে।
এদিকে আসানসোলের বারাবনি বিধানসভা এলাকার গৌরাণ্ডি অঞ্চলে এই পরিবর্তন যাত্রার আগেই তৃণমূল কর্মীরা হামলা করে বলে অভিযোগ। এই ঘটনায় কয়েক জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছাো পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তুলছে।



















