eaibanglai
Homeএই বাংলায়চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তার পরিবারের পাঁচ...

চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তার পরিবারের পাঁচ জনের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমানের। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় ” অ্যাড জুডিকেশন ” বা ” বিবেচনাধীন” হিসেবে রয়েছে তার নাম। শুধু মহঃ আরমানই নন, তার স্ত্রী, বোন, ভগ্নিপতি, কাকার ছেলে, তার স্ত্রী সহ পরিবারের আরও পাঁচ জনের নাম রয়েছে ” বিবেচনাধীন” তালিকায়। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অন্যতম নির্বাচিত কর্মাধ্যক্ষ মহঃ আরমান। এক যুগেরও বেশি সময় ধরে আসানসোলের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে রয়েছেন। তারও আগে প্রায় তিন দশক ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মহঃ আরমান গোটা বিষয়টিকে ” পাগলামি” বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, “এসআইআরের সবকিছুই ভুল ভাবে চলছে।” তিনি জানান, তার পরিবারের আরও পাঁচ জনকে এসআইআর -এর শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে সবার এ্যাডমিট কার্ড, সার্টিফিকেট সহ অন্যান্য সমস্ত নথিপত্রই তারা জমা দিয়েছিলেন। তারপরও তাদের নাম ” বিবেচনাধীন” বিভাগে রাখা হয়েছে।

তবে মহঃ আরমান ও তার পরিবারের পাঁচ জনের ভোটার তালিকায় নাম না উঠলেও তার ছেলে মেয়ের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠেছে। যা নিয়ে প্রশ্ন উঠেছে। যে ছেলে মেয়ের নাম ভোটার তালিকায় উঠল তার বাবা-মাকে কীভাবে সন্দেহের তালিকায় ফেলা হল!

প্রসঙ্গত উল্লেখ্য, বারাবনি বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লকে ৭১ নম্বর বুথের ভোটার মহঃ আরমান ও তার পরিবারের সদস্যরা। এই বুথে এসআইআরের আগে মোট ভোটার ছিলেন ৪৫০ জন। এরপর এসআইআর পরবর্তী সময়ে ৩৭০ জনের নাম তালিকাভুক্ত হয়। কিন্তু এই ৩৭০ জনের মধ্যে আবার ২৩ জনের নাম আন্ডার অ্যাড জুডিকেশন দেখানো হয়েছে। ফলে সালানপুরের এই একটি বুথেই (৮০+২৩) ১০৩ জনের নাম হয় বাদ গেলো বা গোটা প্রক্রিয়া শেষে ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ঝুলে রইলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments