সংবাদদাতা,বাঁকুড়াঃ- মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক চালকের । ঘটনা বিষ্ণুপুরের যমুনাবাঁধ সংলগ্ন এলাকার। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
দুর্ঘটনার প্রত্য়ক্ষদর্শীরা জানান , বিষ্ণুপুর থেকে ওন্দা ব্লকের রামসাগরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা বাঁধ সংলগ্ন এলাকায় রাস্তার ধারে উল্টে যায় সেটি এবং ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান চালক। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বিষ্ণুপুর থানায় খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্থানীয়দের সহযোগীতায় ট্রাক্টরের তলা থেকে চালককে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন। তবে মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।











