শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ বাঁকুড়া জেলায় প্রবেশের আগের দিনই রাজনৈতিক উত্তাপ বাড়ল ছাতনা এলাকায়। পুরুলিয়া দিক থেকে কমলপুর হয়ে বাঁকুড়ায় ঢোকার যে রাজ্য সড়ক, সেটিকে গোবর, গঙ্গাজল ও ঝাঁটা দিয়ে ‘শুদ্ধিকরণ’ করা হয় এদিন। ঘটনাটি ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
ছাতনা ব্লকের কমলপুর এলাকায় রাস্তার উপর গোবর-জল ও গঙ্গাজল ছিটিয়ে এবং ঝাঁটা দিয়ে প্রতীকীভাবে শুদ্ধিকরণ কর্মসূচি নেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া।
বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখার্জী বলেন, “গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসনে খুন ধর্ষণ ও তোলাবাজির জেরে পশ্চিমবঙ্গে প্রতিটি প্রান্ত অপবিত্র হয়েছে। তাই পরিবর্তন যাত্রার আগে রাস্তাঘাটে গোবর জল দিয়ে পরিস্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হচ্ছে।”
অন্যদিকে ছাতনা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র বলেন, “আমরাও চাই শুদ্ধিকরণ হোক। এখান থেকে বিজেপিকে বিদেয় করে আমরা শুদ্ধিকরণ করবো। এখানে তো তৃণমূল ক্ষমতায় নেই। গত বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় বিজেপি জিতেছিল। আসন্ন নির্বাচনে বিজেপিকে হারিয়ে ছাতনা শুদ্ধিকরণ করবো। এতোদিন কোন উন্নয়নে ওদের দেখা যায়নি। এখন মানুষকে বোকা বানাতে এসব করছে।”


















