সংবাদদাতা,বাঁকুড়াঃ- বসন্তের আবেশে রঙিন হয়ে উঠল শুশুনিয়া নবকুঞ্জ মাঠ। বাঁকুড়ার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন জাগৃতি-র উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো বসন্ত উৎসব। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে জমে ওঠে প্রাঙ্গণ। কচিকাঁচা থেকে প্রবীণ, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান পরিণত হয় এক বৃহৎ সামাজিক মিলনমেলায়।
উৎসবের সূচনায় রাধা-কৃষ্ণের পূজার বিশেষ আয়োজন করা হয়। ভক্তিমূলক পরিবেশে প্রার্থনা ও আরতির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান পরিবেশনায় শিল্পীরা বসন্তের আবেশকে আরও উজ্জ্বল করে তোলেন। ছোটদের প্রাণবন্ত উপস্থাপনা যেমন সকলের মন জয় করে, তেমনই বড়দের পরিবেশনাও অনুষ্ঠানে এনে দেয় এক ভিন্ন মাত্রা। পুরো মাঠজুড়ে ছিল আনন্দ, সম্প্রীতি ও একতার বার্তা। আবীরের রঙ, হাসি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারদিক। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী ও উপস্থিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বসন্ত উৎসব শুধুমাত্র একটি ঋতুকে বরণ করার অনুষ্ঠান নয়, এটি সমাজে সম্প্রীতি, সংস্কৃতি চর্চা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক সুন্দর উদ্যোগ।


















