সংবাদদাতা,আসানসোলঃ- ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ার পর,টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী পরে দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২২ সালের পৌরভোটে তিনি বহরমপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছিলেন। এবারে ২০২৬ এর বিধানসভা নির্বাচনেও প্রচারে জোরকদমে নেমে পড়েছেন অভিনেত্রী।
মঙ্গলবার বারাবনি বিধান সভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন বিকেল থেকে প্রথমে বারাবনি ব্লকের ইটাপাড়া পঞ্চায়েতের ইটাপারা গ্রাম স্থিত একটি ফুটবল ময়দানে সভা করেন। এরপর পুরাতনচটি গ্রামে একটি সভা করেন।
এদিন জনসভায় পৌঁছাতেই স্থানীয় বাসিন্দারা উলুধ্বনি দিতে টলি তারকাকে স্বাগত জানান। শ্রাবন্তী বলেন, “এই এলাকায় প্রচারে এসে খুব ভাল লাগছে, মানুষের মধ্যে উন্মাদনা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানও জানান অভিনেত্রী। শ্রাবন্তী বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন কাজের মানুষ এবং অবশ্যই ভাল মানুষ। তার সাথে তিনি অনেকটা সময় কাটিয়েছেন তাই তাঁর মনোনীত প্রার্থীদের জয়ী করার আবেদন জানাচ্ছি।”
অন্যদিকে এদিন মঞ্চে উঠে তিনি ছোটদের কাছে পেয়ে তাদের উদ্দেশ্যে “চাঁদ উঠেছে ফুল ফুটেছে” ছড়া গান গেয়ে সকলের মন জয় করেন।
এদিনের এই অনুষ্ঠান মঞ্চে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী বিধায়ক প্রতিনিধি বিধান উপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন বারাবনী ব্লক সভাপতি অসিত সিংহ মহাশয় ও সমিতির সুকুমার সাধু।


















