সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আর হাতে মাত্র গোনা কটা দিন বাকি রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলির মোট ১৫২টি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। তাই রাজনৈতিক প্রচার চলছে তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের হেফিওয়েট নেতারা ভিন রাজ্য থেকে বাংলায় আসছেন প্রচারে। মঙ্গলবার উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে তিনটি প্রচার সভায় যোগ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর সেই নির্বাচনী প্রচার সেরে এদিন বিকেলে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি ফেরেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।
উত্তরবঙ্গে প্রচার সেরে এদিন বিকেলে হেলিকপ্টারে করে অন্ডাল বিমানবন্দরে পৌছন রাহুল। অন্ডাল বিমানবন্দরে তাঁকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানান প্রাক্তন লোকসভার সদস্য ও পশ্চিম বর্ধমান জেলার নির্বাচনী পর্যবেক্ষক ফুরকন আনসারী ও পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী।
দলীয় সূত্রে জানা গেছে এদিন বিমানবন্দরে রাহুল গান্ধী জেলা নেতৃত্বের কাছে আসন্ন বিধানসভার নির্বাচনে জেলার দলীয় রাজনৈতিক প্রচার সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি জেলা নেতৃত্বকে ভোটের প্রচার আরো জোরদার করার পরামর্শও দেন।

















