এই বাংলায় দক্ষিণ বাংলা

আর্থিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দুর্গাপুর পশ্চিমের বিধায়কের

By Eaibanglai - October 25, 2026
— Advertisement —
Advertisement
আর্থিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দুর্গাপুর পশ্চিমের বিধায়কের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে স্থাবর-অস্থাবর সম্পত্তি বৃদ্ধি এবং স্বজনপোষণের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের তোলা এই সমস্ত অভিযোগ রবিবার এক সাংবাদিক বৈঠক ডেকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করেছেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। একইসঙ্গে ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে দাবি করে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

অভিযোগকারী ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের দাবি ছিল, বিধায়ক হওয়ার পর লক্ষণ ঘড়ুইয়ের সম্পত্তির পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এবং তিনি প্রভাব খাটিয়ে মেয়ে ও জামাইকে চাকরি পাইয়ে দিয়েছেন।

পাল্টা ব্যাখ্যায় এদিন বিধায়ক জানান, তাঁর মেয়ে কোথাও চাকরি করেন না এবং বিটেক (মাইনিং) পাস তাঁর জামাই বিয়ের অনেক আগে থেকেই ইসিএল -এ কর্মরত। সম্পত্তি বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় নির্বাচনী হলফনামায় সমস্ত সম্পত্তির খতিয়ান দেওয়া রয়েছে। হলফনামার বাইরে যদি পাঁচ লক্ষ টাকারও অতিরিক্ত সম্পত্তি প্রমাণিত হয়, তবে তিনি যেকোনো আইনি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত বলে তদন্তের চ্যালেঞ্জ জানান।

বিধায়কের দাবি, কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ ব্যবসায় সুবিধা না পেয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁর পরিবারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। দুর্নীতিতে জড়িত থাকার কারণে ওই প্রাক্তন মণ্ডল সভাপতিকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিক বৈঠকে উপস্থিত বিজেপি জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপ অভিযোগকারীর সততা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, ওই ব্যক্তি ২০২১ সালের নির্বাচনের ঠিক আগে দলে যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে নির্দল হিসেবে দাঁড়িয়ে নিজের বুথে মাত্র ২০টি ভোট পান। শ্মশানের রাস্তা তৈরির নামে টাকা আত্মসাতের মতো একাধিক দুর্নীতিতে ওই ব্যক্তি যুক্ত আছেন দাবি করে তাঁর গ্রেফতারির দাবি জানান যুব মোর্চা নেতা।

বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, আসন্ন পুরভোটের আগে দুর্গাপুরের উন্নয়ন স্তব্ধ করতে এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করতে বিরোধীরা বড় অঙ্কের টাকার বিনিময়ে কিছু মাধ্যমকে ব্যবহার করে এই অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের করেছেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি নোটিশ পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement