সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- লক্ষ্মীপুজোর ঠিক আগে উৎসবের মরশুমে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি জনপ্রিয় মিষ্টির দোকান। এর ফলে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন দোকান মালিক তপন সাউ।
শনিবার গভীর রাতে সগড়ভাঙার ওই মিষ্টির দোকানে আচমকাই আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজো উপলক্ষে মিষ্টির বিপুল চাহিদা সামলাতে আগাম প্রচুর মিষ্টি তৈরি করে রাখা হয়েছিল দোকানে। পাশাপাশি চপ, পনিরের পদ ও কচুরি তৈরির অর্ডারের জন্য বিপুল পরিমাণ আলু, পনির, বেসন, ময়দা ও ভোজ্য তেলের টিন মজুত রাখা হয়েছিল। আগুনের তীব্রতায় দোকানের ভেতরে থাকা সমস্ত মিষ্টি, খাবার তৈরির উপকরণ এবং আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের সমস্ত সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
উৎসবের মুখে এই আকস্মিক ক্ষয়ক্ষতিতে কার্যত মাথায় হাত পড়েছে ব্যবসায়ী তপন সাউয়ের। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে, তবে সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।