সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- বিজেপি নেতা খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মূল অভিযুক্তের বাড়িতে চলল প্রশাসনের বুলডোজার। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে অভিযুক্ত বিজয় নন্দীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ রাতে জব্বরপল্লিতে বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে, যে ঘটনায় পুলিশ বিজয় নন্দী-সহ তিনজনকে গ্রেফতার করে এবং পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।
সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন এবং বাড়িটি ভেঙে ফেলা হয়। বিডিও দেবদ্বীপ বৈরাগী জানান, বাড়িটি সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং পঞ্চায়েতের তরফে আগে নোটিশ পাঠানো হলেও অভিযুক্ত পক্ষ কোনো বৈধ নথি দেখাতে পারেনি, সেই কারণেই নিয়ম মেনে বাড়িটি ভাঙা হয়েছে।
যদিও প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে যে খুনের মামলার সঙ্গে এই পদক্ষেপের কোনো সম্পর্ক নেই এবং শুধুমাত্র নির্মাণের বৈধ অনুমতি না থাকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও বিজেপি বিধায়কের কড়া হুঁশিয়ারির মাত্র এক সপ্তাহের মধ্যেই মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চলার ঘটনায় রাজনৈতিক মহল ও এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে।