সংবাদদাতা,আসানসোলঃ- নিখোঁজ থাকার দীর্ঘ তিন বছর পর বন্ধ রেল কোয়ার্টার্সের ভেতর থেকে উদ্ধার হলো এক রেলকর্মীর নরকঙ্কাল। সোমবার চিত্তরঞ্জন রেল শহরের ১১ নম্বর রাস্তার ১১/বি কোয়ার্টার্স থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত রেলকর্মীর নাম প্রকাশ চন্দ্র রাউত রায় (৫৯)। তিনি চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রকাশবাবু ওই কোয়ার্টার্সে একাই থাকতেন এবং ২০২১ সাল থেকে তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান। ২০২৩ সালে চিত্তরঞ্জন থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। সম্প্রতি রেল কর্তৃপক্ষের কাছে কোয়ার্টার্সটি হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেন পরিজনেরা। সেই সূত্রে গত ২৬ এপ্রিল থেকে পরিবারটির কোয়ার্টার্সে যাতায়াত ছিল। সোমবার প্রকাশবাবুর ভাইপো সুপ্রতিম রাউত রায় ঘরের ভেতরে থাকা একটি বাইক সরাতে গেলে হঠাৎই হাড়গোড়গুলি তাঁর নজরে আসে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর ইনচার্জ শেখ ইসমাইল আলি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (কুলটি) জাবেদ হোসেন এবং সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস। ঘটনার তদন্তে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশবাবু অত্যন্ত পরোপকারী এবং দুঃস্থ শিশুদের শিক্ষায় সাহায্য করতেন, তবে মৃত্যুর কিছু বছর আগে থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
পাঁচ মাস ধরে পরিবার ওই কোয়ার্টার্সে যাতায়াত করা সত্ত্বেও কেন এতদিন হাড়গোড় নজরে পড়ল না, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি এর পেছনে কোনো হত্যাকাণ্ড রয়েছে—তা নিয়ে তদন্ত শুরু করেছে চিত্তরঞ্জন থানার পুলিশ।