সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দীর্ঘ আন্দোলনের পর দুর্গাপুরে নতুন আদালত ভবন তৈরি ও উদ্বোধন হলেও, আজ পর্যন্ত সেখানে স্থানান্তরিত হয়নি আদালতের কাজ। ফলে বন্ধ অবস্থায় পড়ে থেকে কার্যত ধ্বংসের মুখে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি। এই পরিস্থিতিতে আইনজীবীদের অনুরোধে সোমবার নতুন আদালত ভবনের বেহাল দশা যৌথভাবে পরিদর্শন করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এবং রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ।
পরিদর্শনে গিয়ে নতুন ভবনের যে চিত্র সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগ, দীর্ঘদিন বন্ধ থাকায় নতুন ভবনের গেট খোলার পরেই সেখানে সাপ ঘোরাফেরা করতে দেখা যায়। ভবনের ভেতরে প্রবেশ করতেই নজরে আসে যত্রতত্র জমে থাকা জল, যার কারণে নষ্ট হচ্ছে নতুন আদালতের দামি ফার্নিচার ও আসবাবপত্র। এমনকি ব্যবহারের আগেই ভবনের বিভিন্ন অংশ থেকে ইতিমধ্যেই চাঙড় খসে পড়তে শুরু করেছে, যা এর নির্মাণশৈলী ও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বিধায়কদের দাবি, নতুন ভবনের এই বেহাল দশা আসলে পূর্বতন তৃণমূল সরকারের আমলের বড়সড় দুর্নীতিরই বহিঃপ্রকাশ।
অন্যদিকে, বর্তমানে পুরনো জরাজীর্ণ আদালত ভবনে প্রতিদিন যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে আইনজীবী ও বিচারপ্রার্থীরা কাজ করছেন, তাতে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন সকলে। এই চরম অব্যবস্থার দ্রুত নিষ্পত্তি করতে তিন বিধায়কই আশ্বাস দিয়েছেন যে, তাঁরা যৌথভাবে রাজ্যের আইনমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন। যত দ্রুত সম্ভব নতুন আদালত ভবনটি সংস্কার করে সাধারণ মানুষ ও আইনজীবীদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার অনুরোধ জানাবেন তাঁরা।