সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- রাজ্যে ধর্মীয় পর্যটনের প্রসারে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের এএসবি মোড়ে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর হয়ে কোচবিহারের মদনমোহন জিউ পর্যন্ত একটি বিশেষ 'তীর্থক্ষেত্র সার্কিট' তৈরি করা হবে।
দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের 'স্বপ্ন উড়ান' উদ্যোগে আয়োজিত এই জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী দেবীর আরাধনা করেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের মঞ্চ থেকে আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়েও বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, এবারের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হবে। মেলায় আগত সাধু-সন্তদের আর খড়ের ঘরে থাকতে হবে না, তাঁদের জন্য আধুনিক টেন্টের ব্যবস্থা করা হবে এবং হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টির আয়োজন থাকবে।
দুর্গাপুরের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মণ ঘরুই-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে রাজ্যের ধর্মীয় পর্যটন মানচিত্রে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।