নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে ৩৬ বছর বয়সি এক যুবককে নৃশংসভাবে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ফরিদপুর থানার জব্বর পল্লীতে। মৃত যুবকের নাম শ্যাম কুমার দাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জব্বর পল্লী এলাকায় ঠাকুর বিসর্জন চলছিল। সেই সময় বন্ধুদের সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন শ্যাম কুমার দাস। অভিযোগ, পুরনো জমি বিবাদ নিয়ে আচমকাই অজয় ও বিজয় নন্দীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ মুহূর্তের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ায় এবং অভিযুক্তরা ধারালো অস্ত্র ও বাঁশ নিয়ে শ্যামের ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শী রণজয় মণ্ডল জানান, বাঁশ ও রড দিয়ে শ্যামকে এলোপাথাড়ি মারধর করা হয় এবং তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় শ্যামকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রণজয় মণ্ডল অভিযোগ করেন, "পুরনো শত্রুতা ছিল সেই থেকেই শ্যামের সাথে অজয় ও বিজয়ের বচসা শুরু হয়। তারপরেই ওরা রড লাঠি দিয়ে শ্যামের উপর চড়াও হয়। আমি প্রতিবাদ করতে গেলে আমাকেও মারধর করে।"
ঘটনার পর মৃতের পরিবারের তরফে ফরিদপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনা প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রিত সিং জানিয়েছেন, মারধরের জেরে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ফরিদপুর থানার পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।