সংবাদদাতা,বাঁকুড়াঃ- সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যদ্রব্যের গুণমান বজায় রাখতে যৌথ অভিযানে নামল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর ও ইন্দপুর থানার পুলিশ। সম্প্রতি ইন্দপুর এলাকার একটি মিষ্টির দোকানে এই অভিযান চালানো হয়।
অভিযানের পাশাপাশি এলাকার অন্যান্য মিষ্টি ব্যবসায়ীদেরও কড়াভাবে সতর্ক করা হয়েছে। প্রশাসনের তরফে ব্যবসায়ীদের দোকানের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং সরকারি খাদ্য সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস বরদাস্ত করা হবে না। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ফুড সেফটি অফিসার বিদিশা সেনাপতি, ইন্দপুর থানার ওসি শ্রীমন্ত চক্রবর্তী এবং ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনেও এ ধরনের নজরদারি চলবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।