নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজনৈতিক ও সামাজিক নানা ব্যস্ততা সরিয়ে রেখে প্রতি বছরের মতো এবারও পবিত্র ভ্রাতৃদ্বিতীয়ার পারিবারিক মিলনোৎসবে শামিল হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তরুণ রায়। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বালিজুড়ি গ্রামে দিদির শ্বশুরবাড়িতে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এই অনুষ্ঠান পালিত হয়। তরুণ বাবু ছাড়াও তাঁর ভাই বরুণ রায় এবং পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্যদের উপস্থিতিতে এদিন গোটা বাড়ি এক পারিবারিক মহোৎসবে পরিণত হয়।
প্রথা মেনে শঙ্খধ্বনির মধ্য দিয়ে তরুণ বাবু ও বরুণ বাবুর কপালে মঙ্গল তিলক পরিয়ে তাঁদের অক্ষয় পরমায়ু কামনা করেন দিদি। সেই সঙ্গে ভাইদের পায়েস ও মিষ্টিমুখ করানো হয়। বিশিষ্ট এই কংগ্রেস নেতা জানান, সারা বছর এই দিনটির জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এবং দিদির আশীর্বাদ নিয়েই তিনি দিনের অন্যান্য কর্মসূচিতে যোগ দেন।
ভাইফোঁটার তাৎপর্য ব্যাখ্যা করে তরুণ রায় বলেন, "ভাই-বোনের এই শাশ্বত পবিত্র বন্ধন ভ্রাতৃদ্বিতীয়ার মঙ্গল শঙ্খধ্বনির মধ্য দিয়ে আরও সুদৃঢ় হয়। ভগিনীরা যেমন ভাইদের দীর্ঘায়ু কামনা করেন, তেমনই এই পবিত্র অনুষ্ঠানের মধ্য দিয়ে বোনেদের মর্যাদা ও সম্ভ্রম রক্ষার শপথও উচ্চারিত হয়।" যতদিন জীবিত থাকবেন, ততদিন পরিবারের এই মিলন-ঐতিহ্য অটুট রাখবেন বলেও তিনি অঙ্গীকার করেন।