নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে”— দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। রবিবার দুর্গাপুরের এসবি মোড়ে ‘স্বপ্ন উড়ান’-এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বার্তা দেন।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শংকর ঘোষ বলেন, “বারংবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যখন খবর দেখি, তখন মাঝে মাঝে মনে হয় আমাদের রাজ্যে রাজনৈতিক পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তবে সেই পরিবর্তন আমরা নিশ্চিতভাবেই করতে সক্ষম হব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এই কাজ করবই, একথা দলের পক্ষ থেকে আপনাদেরকে বলতে পারি।”
দুর্গাপুরের এসবি মোড়ে আয়োজিত ‘স্বপ্ন উড়ান’-এর এই জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ এবং সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা-সংগীতশিল্পী মনোজ তিওয়ারি। উদ্বোধনী এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক, পুলিশ কমিশনার-সহ জেলার একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী ও সাংসদকে দেখতে এদিন পুজো মণ্ডপ চত্বরে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।