নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবার বাস্তবায়নের পথে। শ্রীশ্রী রাধামাধব মন্দির কমিটির উদ্যোগে এলাকায় একটি বৃহৎ ও সুদৃশ্য রাধামাধব মন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে। উল্লেখযোগ্যভাবে, এলাকার একটি মসজিদের ঠিক পাশেই এই নতুন মন্দিরটি গড়ে তোলা হচ্ছে। দীর্ঘদিনের এই উদ্যোগ বাস্তবায়িত হতে চলায় স্থানীয় সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পূর্ববর্তী বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনামলে এলাকায় একটি স্থায়ী ও বড় মন্দির নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হয়নি। এই প্রসঙ্গে বিজেপির যুব জেলা সম্পাদক তথা ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভম প্রকাশ সিং জানান, "দীর্ঘদিন ধরে এই এলাকার সনাতনী মানুষের মনে একটি বড় রাধামাধব মন্দির নির্মাণের স্বপ্ন ছিল। বর্তমানে সনাতনী সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রহণ করেছেন, এই মন্দির নির্মাণ সেই ভাবনারই একটি প্রতীক হয়ে উঠবে।"
আগামী প্রজন্মের কাছে সনাতন ধর্ম ও সংস্কৃতিকে আরও সুন্দরভাবে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মন্দির নির্মাণের এই মহৎ কাজে এলাকার সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে। উদ্যোক্তাদের আশা, নির্মীয়মাণ এই মন্দিরটি কেবল একটি উপাসনালয় হয়ে থাকবে না, বরং এটি এলাকার মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক মিলনস্থলে পরিণত হবে।