নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ছ’টি রাজ্যের মোট ন’টি রাজ্যসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা করা হয় রাহুল সিনহার নাম। গতকাল রাজ্যসভার সদস্যের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এরপরই তার জয়লাভের উদ্য়েশ্য়ে বিশেষ উদ্যোগ নিলেন দুর্গাপুরের বিজেপি নেতা কর্মীরা।
শুক্রবার দুর্গাপুরের পিয়ালা কালী মন্দিরে রাহুল সিনহার জয়ের জন্য যজ্ঞ হয় ও পুজোর আয়োজন করা হয়। বিজেপি নেতা কল্যাণ দুবে বলেন,”রাহুল সিনহা বর্ষিয়ান বিজেপি নেতা। তিনি কেন্দ্রীয় রাজ্যের একাধিক পদাধিকারের দায়িত্বে ছিলেন। তিনি রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি জয়লাভ করলে মানুষের পাশে থাকবেন বলে আমরা আশাবাদী।”
প্রসঙ্গত উল্লেখ্য, রাহুল সিনহা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পরে জাতীয় সম্পাদক হয়েছিলেন। তবে গত কয়েক বছর তিনি বিজেপির কোনও পদে ছিলেন না। তাকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে যখন অনুপম হাজরাকে ওই পদ দেওয়া হয়েছিল, তখন নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখও খুলেছিলেন রাহুল। তবে দল ছাড়েননি। এর আগে তিনি বেশ কয়েক বার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কোথাও জয়ী হননি। বড় কোনও অঘটন না-হলে এ বারই প্রথম বার জনপ্রতিনিধি হতে চলেছেন তিনি।


















