নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব সহ চার জন কংগ্রেস নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। এরাজ্যেও চলছে বিক্ষোভ প্রতিবাদ। এবার দুর্গাপুর শহরেও প্রতিবাদে সামিল হলেন কংগ্রেস নেতা কর্মীরা।
দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা যুব কংগ্রেস এই গ্রেফতারের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে। বেনাচিতির পাঁচমাথা মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। বেনাচিতি বাজার ঘুরে পরে প্রান্তিকা বাসষ্ট্যান্ডের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয়।
উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেল কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, পূর্ব বিধানসভা যুব কংগ্রেস সভাপতি শেহেনাজ আহমেদ,রাণা অধিকারি,চন্দ্রশেখর গাঙ্গুলি,পল্টু পাল,রবীন গাঙ্গুলি, সৌমেন বাউরী সহ বিভিন্ন নেতৃত্ব।
প্রসঙ্গত,গত মাসে দিল্লিতে কৃত্রিম মেধা সম্মেলন চলাকালীন যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের জামা খুলে বিক্ষোভের ঘটনায় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিব সহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জামায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা ও ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতারও সমালোচনা লেখা ছিল। নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। বস্তুত, ওই কৃত্রিম মেধা সম্মেলনে ওই সময়ে দেশ-বিদেশের বিভিন্ন অতিথিরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনেই চলে যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন।
যদিও কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ভারতের কৃষক ও যুবকদের সমর্থনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য ও নরেন্দ্র মোদীকে “কমরেড পিএম” বলে অভিহিত করার জন্য উদয় ভানু চিব” সহ যুব কংগ্রেসের 8 জন নেতাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।


















