নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভোটের আগের দিনই বিশৃঙ্খলার ছবি দুর্গাপুরে। প্রশ্ন উঠল প্রশাসনিক সমন্বয় নিয়ে। প্রতিবাদে ডিসিআরসি কেন্দ্রে বিক্ষোভে সরব হলেন বিএলওরা।
দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে দুই বিধানসভা কেন্দ্রের জন্য ডিসিআরসি কেন্দ্র খোলা হয়েছে। এখান থেকেই দুই কেন্দ্রের ভোট কর্মীদের ভোটের সামগ্রী বিতরণ গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে ভোট কর্মীদের পাশাপাশি এদিন এলাকার সমস্ত বুথ লেভেল অফিসার বা বিএলআরওদের ডিসিআরসি কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় । সেই মতো বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে বিএলওরা ডিসিআরসি কেন্দ্রে পৌঁছে জানতে পারেন এদিন তাদের কোন কাজ নেই। তাদের ভুলবশত ডাকা হয়েছে। এরপরই গরমের মধ্যে অযথা হয়রানি করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন বিএলওরা। মহকুমা শাসকের সামনেই বিএলওরা বিক্ষোভ দেখান ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন।
বিএলওরা অভিযোগ করেন অযথা তাদের ডেকে এনে গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়েছে । এছাড়াও ডিসিআরসি কেন্দ্রে জল, বসার ব্যবস্থা নেই, এমনকি গাড়ি প্রবেশ নিয়েও সমস্যা পড়তে হয় তাদের।
জয়ন্তী টুডু নামে এক বিএলও বলেন, “আমাদের ডাকা হয়েছে, কিন্তু এসে দেখি কোনও কাজই নেই। এই গরমে আমাদের হয়রানি করা হচ্ছে। পানীয় জল নেই, গাড়ি ঢুকতে দিচ্ছে না, সব মিলিয়ে আমরা চরম অসুবিধার মধ্যে পড়েছি।”
পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, ভুলবশত বিএলওদের ডাকা হয়েছিল। তাদের বাড়ি ফিরে যেতে বলা হয়। পাশাপাশি বৃহস্পতিবার সকাল ৫টার মধ্যে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ভোটকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয় তাদের। যা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। বিএলওরা জানিয়েছে তাদের বেশীরভাগেরই ডিউটি পড়েছে নিজস্ব ভোট কেন্দ্র থেকে দূরের কোন কেন্দ্রে। ফলে ভোটের দিন সকাল থেকে তারা ডিউটি করলে নিজেরা ভোট দেবেন কখন? তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে এই সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে।


















