eaibanglai
Homeএই বাংলায়ক্যান্সার হাসপাতালে অত্যাধুনিক যন্ত্র প্রদান এলআইসি-র

ক্যান্সার হাসপাতালে অত্যাধুনিক যন্ত্র প্রদান এলআইসি-র

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুর্গাপুরের মহানন্দা ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের পাশে দাঁড়াল এলআইসি-র ইস্টার্ন জোনাল অফিস। তাদের ‘গোল্ডেন জুবিলি ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালকে অত্যাধুনিক সার্জিক্যাল ল্যাপারোস্কোপিক যন্ত্র প্রদান করে সাহায্যের হাত বাড়িয়ে দিল সংস্থা। এর ফলে ক্যান্সার রোগীদের অস্ত্রোপচার আরও নিখুঁত, নিরাপদ ও কম কষ্টদায়ক হবে বলে দাবি চিকিৎসকদের।

শনিবার হাসপাতাল প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে এলআইসি-র জোনাল ম্যানেজার আশুতোষ কুমার আনুষ্ঠানিকভাবে যন্ত্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসি-র রিজিওনাল ম্যানেজার (মার্কেটিং) অভিজিৎ ঘোষ দস্তিদার, আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার বিবেকানন্দ ঘোষ, রিজিওনাল মার্কেটিং বিভাগের আধিকারিক-সহ জোনাল ও ডিভিশনাল স্তরের একাধিক প্রতিনিধি। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাসপাতালের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) দীপক দাস এবং বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কুণাল চৌধুরী জানান, নতুন এই ল্যাপারোস্কোপিক যন্ত্রের মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো আরও শক্তিশালী হবে। অস্ত্রোপচারের সময় রোগীর শারীরিক ক্ষতি তুলনামূলকভাবে কম হবে, রক্তক্ষরণ কম হবে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ বাড়বে।

প্রসঙ্গত উল্লেখ্য, মহানন্দা ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দীর্ঘদিন ধরে দুর্গাপুর-সহ পশ্চিম বর্ধমান ও সংলগ্ন শিল্পাঞ্চলের ক্যান্সার আক্রান্ত রোগীদের সুলভ খরচে উন্নত চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments