নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হলো ‘মা ক্যান্টিন’। রোগী কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা।
রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকেও জানানো হয়, হাসপাতালের পরিষেবাকে আরও মানবিক ও সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন বহু মানুষ এই পরিষেবার সুবিধা পাবেন।
এই মা ক্যান্টিন থেকে মাত্র পাঁচ টাকায় দুপুরের মধ্যাহ্ন ভোজের থালি পাওয়া যাবে। যাতে থাকবে পেট ভরে ডিম ভাতের খাওয়ার ব্যবস্থা। প্রসঙ্গত দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকের গ্রামগুলি থেকে এই মহকুমা হাসপাতালে চিকিৎসা করতে আসেন রোগীরা। রোগীরা হাসপাতাল থেকে খাবার পেলেও বিপাকে পড়েন রোগীর সঙ্গে থাকা আত্মীয়রা। অনেক সময়ই তাদের সমস্যায় পড়তে হয়। এবার থেকে হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ মাত্র পাঁচ টাকায় দুপুরে পেট ভরে খাবার খেতে পারবেন।


















