নিজস্ব সংবাদদাতা দুর্গাপুরঃ- দুর্গাপুরের ইস্পাত নগরীর আবাসনে অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় আবাসনের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার বিকেলের দিকে বিজোন-এর এডিশন রোডের ১১/৩৫ নম্বর ডিএসপি কোয়ার্টারে আগুন লাগে। প্রতিবেশীরা কোয়ার্টার থেকে ধোয়া ও আগুনের শিখা বের হতে দেখেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও প্রায় মিনিট ১৫-২০ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ঘরের সমস্ত জিনিস, আসবাব আগুনে পুড়ে ভষ্মীভূৎ হয়ে যায়।
জানা গেছে ওই কোয়ার্টারের বাসিন্দা প্রভাত বটব্যাল। তিন বিধান ভবনে কর্মরত। তিনি ওই কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন। তবে দুর্ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে সকলে রক্ষা পান।
তবে কোয়ার্টারে আগুন কীভাবে লাগল সে বিষয়ে নিশ্চিৎভাবে কিছু জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।



















