সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুজোর প্রাক্কালে পর্যটকদের ভিড় সামলাতে এবং বনাঞ্চলের পরিবেশ রক্ষার্থে বিশেষ সাফাই অভিযানে নামল প্রশাসন। কাঁকসার দেউল সংরক্ষিত বনাঞ্চল তথা ঐতিহাসিক গড় জঙ্গলে প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কার করতে যৌথভাবে উদ্যোগী হয়েছে পুলিশ ও বনদপ্তর। মলানদিঘী ফাঁড়ির পুলিশ এবং শিবপুর বিট অফিসের আধিকারিক ও কর্মীরা এলাকার যুবকদের সঙ্গে নিয়ে বনাঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্লাস্টিক, খাবারের প্যাকেট ও নানাবিধ বর্জ্য পদার্থ সংগ্রহ করে তা সফলভাবে অপসারণ করেন।
উৎসবে দিনগুলিতে গড় জঙ্গলে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। পর্যটকদের অসচেতনতায় ফেলে যাওয়া প্লাস্টিকের কারণে যাতে বন্যপ্রাণীদের কোনো ক্ষতি না হয় এবং বনের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে, সেই লক্ষ্যেই পুজোর আগে এই আগাম পদক্ষেপ। মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ চন্দন মিশ্র ও বিট অফিসার পিনাকী ভট্টাচার্য জানান, পুলিশ কমিশনারের নির্দেশে ইতিমধ্যেই জঙ্গলে বাড়তি নজরদারি শুরু হয়েছে। পুজোর চারদিন এই নজরদারি আরও জোরদার করা হবে এবং পর্যটকদের পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হবে।