সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- পানাগড় বাইপাসের সার্ভিস রোডে মাস্টারপাড়া সংলগ্ন আন্ডারপাসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারল সিমেন্টের লরি। এই আকস্মিক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনায় লরিতে থাকা দুই শ্রমিক অল্পবিস্তর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিমেন্টের লরিটি কলকাতা থেকে কাঁকসার ১১ মাইলের দিকে যাচ্ছিল। মাস্টারপাড়ার কাছে পৌঁছাতেই আচমকা ট্রাফিক সিগন্যাল লাল হয়ে যায়। তখন চালক ব্রেক কষতে গিয়ে বুঝতে পারেন গাড়ির ব্রেক বিকল হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে সামনে থাকা একটি ছোট চারচাকা গাড়িকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত স্টিয়ারিং ডানদিকে ঘুরিয়ে দেন। ফলে লরিটি গিয়ে সজোরে ধাক্কা মারে সামনে থাকা একটি ডাম্পারের পিছনে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়।
বিকট শব্দ শুনেই উদ্ধারকাজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। তারা তৎক্ষণাৎ জখম দুই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার ফলে সার্ভিস রোডে কিছুক্ষণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও, পুলিশি তৎপরতায় ক্ষতিগ্রস্ত লরিটিকে রাস্তা থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।