সংবাদদাতা,আসানসোলঃ- দুর্গাপুজোর আবহেই আসানসোলের শিল্পাঞ্চলে খুশির হাওয়া। সালানপুর ব্লকের রূপনারায়ণপুরে দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা ঐতিহাসিক ‘হিন্দুস্তান কেবলস’ কারখানার জমিতে নতুন করে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা জোরালো হলো। মঙ্গলবার কেন্দ্র ও রাজ্য সরকারের এক অতি উচ্চপদস্থ প্রতিনিধি দল এই বন্ধ কারখানার জমি ও সামগ্রিক পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে রূপনারায়ণপুরে পৌঁছান।
এ দিন সরাসরি দিল্লি থেকে পরিদর্শনে আসেন ভারত সরকারের শীর্ষ আধিকারিক তথা ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর এবং লজিস্টিকস ডাটা সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান রজত কুমার সাইনি। দিল্লির এই প্রতিনিধির পাশাপাশি রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাণিজ্য ও শিল্প দপ্তরের ডেপুটি সেক্রেটারি পুষ্পেন চট্টোপাধ্যায় সহ একাধিক পদস্থ আধিকারিক। এছাড়াও মাঠপর্যায়ের এই পরিদর্শনে অংশ নেন পশ্চিম বর্ধমান জেলার ভূমি দপ্তরের অতিরিক্ত জেলাশাসক, এসডিএলআরও এবং সালানপুরের বিএলএলআরও ।
পরিদর্শনের শুরুতে হিন্দুস্তান কেবলসের আধিকারিক আর. এন. ওঝার চেম্বারে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কারখানার জমির যাবতীয় সরকারি নথি, খতিয়ান ও সীমানা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন আধিকারিকেরা। বৈঠক শেষে প্রতিনিধি দলটি লোয়ার কেশিয়া পেরিয়ে একদম অজয় নদের ধার সংলগ্ন জিতপুর এলাকার বিস্তীর্ণ ফাঁকা জমি ঘুরে দেখেন।
পরিদর্শক দলের প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে যে, নতুন কোনো ভারী বা মাঝারি শিল্প গড়ে তোলার জন্য এই এলাকার যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, পর্যাপ্ত জলাশয় এবং আবহাওয়া অত্যন্ত অনুকূল। এখানে ঠিক কী ধরণের শিল্প স্থাপন সবচেয়ে বেশি লাভজনক ও উপযোগী হতে পারে, সে বিষয়েই মূলত প্রাথমিক তথ্য ও রূপরেখা সংগ্রহ করছে এই প্রতিনিধি দল।
প্রশাসন সূত্রে জানা গেছে, হিন্দুস্তান কেবলসের মোট ১০৪৭ একর জমির মধ্যে একলপ্তে প্রায় ৬৫০ একর জমি এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা ও উপলব্ধ রয়েছে। জমির অত্যন্ত সামান্য কিছু অংশে অস্থায়ী দখলদারি থাকলেও, নতুন শিল্প প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তা কোনো বড় বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছে জেলা ও রাজ্য প্রশাসন।
সূত্রের খবর, এই পরিদর্শনের বিশদ রিপোর্ট কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের জয়েন্ট সেক্রটারির কাছে পেশ করা হবে। ইতিপূর্বে কেন্দ্রীয় প্রতিনিধিদের ঘন ঘন পরিদর্শন এবং এবার সরাসরি সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিকদের সরেজমিনে খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহল আশাবাদী—খুব শীঘ্রই বন্ধ কেবলস কারখানার এই জমিতে নতুন শিল্প নিয়ে বড় কোনো ইতিবাচক ঘোষণা আসতে চলেছে। কেন্দ্র ও রাজ্যের এই যৌথ তৎপরতায় দীর্ঘ দিন পর রূপনারায়ণপুরে পুনরায় কর্মসংস্থান ও অর্থনৈতিক জোয়ার আসার আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা।