সংবাদদাতা,আসানসোলঃ- ১৯ নম্বর জাতীয় সড়কে মিনিবাসের ধাক্কায় প্রাণ হারালেন এক মোটরবাইক চালক। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কলকাতাগামী রাস্তার মেলাকলা রেল সেতু সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম রাম রতন শর্মা (৪৫)। তিনি আসানসোলের পাঁচগেছিয়া দুর্গামন্দির এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রবিবার সন্ধ্যায় মেলাকলা রেল সেতুর কাছে একটি দ্রুতগতির মিনিবাস ওই মোটরবাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাইক চালক গুরুতর জখম হয়ে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনার খবর পেয়েই দ্রুত ছুটে যায় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ। তারা রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই ঘাতক মিনিবাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।