eaibanglai
Homeএই বাংলায়বালির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ

বালির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধবানঃ- বালির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বালির ট্রাক্টর আটকে রাস্তা অবরোধ করে অভিনব প্রতিবাদ গ্রামবাসীরা। ঘটনা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রামের।

গ্রামবাসীদের অভিযোগ, সরকারি প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য প্রাপ্ত অর্থের মধ্যে বর্তমান বাজারদরে বালি কেনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। সেই ক্ষোভ থেকেই বালিবোঝাই ট্রাক্টর আটকে দিয়ে রাস্তা অবরোধে সামিল হন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালবেড়া গ্রাম থেকে মাত্র ৪ থেকে ৫ কিলোমিটার দূরে বাঁকুড়া জেলার নাগাতেঁতুল এলাকায় এক ট্রাক্টর বালি বিক্রি হচ্ছে প্রায় ১২০০ টাকায়। অথচ খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া এলাকায় একই পরিমাণ বালির জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ৬ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকা পর্যন্ত। এত বিশাল মূল্যবৈষম্য নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাব এবং কিছু অসাধু ব্যবসায়ীর মুনাফালোভী মানসিকতার কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। ফলে যাঁরা সরকারি আবাসন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পেয়েছেন, তাদের পক্ষে নির্ধারিত টাকার মধ্যে বাড়ির কাজ সম্পূর্ণ করা কঠিন হয়ে পড়েছে।

বিক্ষোভকারীদের দাবি, বালির দামের উপর প্রশাসনের কড়া নজরদারি এবং নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হোক। পাশাপাশি অবিলম্বে এই মূল্যবৈষম্যের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments