সংবাদদাতা, পুরুলিয়া:- সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই উন্নয়নের পাঁচালি সহ নানা কর্মসূচির মাধ্যমে রাজ্যে উন্নয়নের গাঁথা প্রচার করছে রাজ্যের শাসক দল। এরই মধ্যে রাস্তা ও পানীয় জলের দাবিতে আসন্ন বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিল পুরুলিয়ার মানবাজার ১নং ব্লকের বারমেশ্যা রামনগর অঞ্চলের পাথরকাটা গ্রামের বাসিন্দারা ৷
ভোট বয়কটের দাবিতে পাথরকাটা গ্রাম জুড়ে পড়েছে পোস্টার। মূলত গ্রামবাসীদের তরফে দেওয়া হয়েছে ওই পোস্টার। গ্রামবাসীরা জানান, রাস্তা ও পানীয় জল এই দুটি সমস্যায় জর্জরিত তারা। তাদের দাবি এবিষয়ে প্রশাসনকে জানিয়েও হয়নি কোন সুরাহা হয়নি।
এই ভোট বয়কটের পোস্টারকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে বৃহস্পতিবার মানবাজার ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর পাথরকাটা গ্রামে পৌঁছন ও এলাকার মানুষের সাথে সমস্যা নিয়ে কথা বলেন, পাশাপাশি সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।
যদিও গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, এবার আর আশ্বাসে কিছু হবে না। দ্রুত রাস্তা ও পানীয় জলের সমস্যা না মিটলে ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবেন তারা।


















