সংবাদদাতা,আসানসোলঃ- বিজয়া দশমীর রাতে পারিবারিক বিবাদ ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সালানপুর থানার রূপনারায়ণপুরের পিঠাকিয়ারি এলাকা। গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা প্রাক্তন প্রধান অসীম কুমার ঘোষের বাড়িতে একদল যুবক চড়াও হয়ে ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অসীম বাবুর ছেলে অর্ণব ঘোষের দাবি, স্থানীয় দুই যুবক সৌরভ ঘোষ ও উজ্জ্বল কুমার ঘোষের নেতৃত্বে একদল দুষ্কৃতী আচমকাই তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা-জানালার কাঁচ, সিসিটিভি ক্যামেরা এবং বাইরে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়ি ভাঙচুর করে। এমনকি প্রাক্তন প্রধানের ওপরও শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। অর্ণববাবুর দাবি, পুরনো পারিবারিক ঝামেলার জেরেই এই পরিকল্পিত হামলা।
যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মূল অভিযুক্ত সৌরভ ঘোষ। তাঁর পাল্টা দাবি, দুর্গা প্রতিমা বিসর্জনের পর অসীম ঘোষ মদ্যপ অবস্থায় ছাদে উঠে পাড়ার লোকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। এর আগেও তিনি এমন আচরণ করেছেন। পাড়ার যুবকেরা এর প্রতিবাদ করতে গেলে প্রাক্তন প্রধানের পরিবারের ছেলেরাই উল্টে তাঁদের মারধর করে। গাড়ি বা বাড়ি ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো বলে দাবি করেছেন তিনি।
বিজয়া দশমীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।