সংবাদদাতা,আসানসোলঃ- ফের খনি অঞ্চলের জাতীয় সড়কে ধসের জেরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী লেনে, এথোড়া সেতু সংলগ্ন অংশে হঠাৎ করেই রাস্তায় বড়সড় ধস নামে। এর ফলে পিচ রাস্তা বসে গিয়ে প্রায় ১ থেকে দেড় ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এই ধসের ঘটনাটি ঘটে। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে রাতের অন্ধকারে হঠাৎ এমন ধস নামায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়িচালক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা। এই ঘটনার পর থেকেই জাতীয় সড়কের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন চালকরা।
ঘটনার খবর পেয়েই দুর্ঘটনা এড়াতে তৎপর হয় পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ। আপাতত সুরক্ষার স্বার্থে ধস নামা অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে গর্তের অংশটি ঘিরে দেওয়া হলেও, ওই লেনে যান চলাচল আপাতত স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে বলে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ শুরু করার তোড়জোড় চলছে।