সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ভর সন্ধ্যায় রানিগঞ্জ শহরের দুঃসাহসিক চুরি। নগদ ও গয়না মিলিয়ে প্রায় ৩৬ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল। শহরের ব্যস্ততম এলাকায় এই চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।
রানিগঞ্জের শিশু বাগান মোড় সংলগ্ন এলাহাবাদ ব্যাংকের পাশের গলিতে এক ব্যবসায়ীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক সুদা আগরওয়াল জানান, এদিন সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। প্রতিদিনের মতো সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ তিনি হাঁটার জন্য ছাদে যান। প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৮টা নাগাদ নিচে নেমে এসে তিনি দেখেন ঘরের ভেতরের সব কিছু তছনছ। এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে ঘরের জিনিসপত্র। আলমারির লকার ভাঙা। তিনি জানান নগদ ৮৫,০০০ টাকা, এবং প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও রুপোর বাসন খোয়া গেছে।
ঘটনার পরই থানায় জানানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান কোন পরিচিত ব্যক্তি এই চুরির ঘটনায় যুক্ত থাকতে পারে। অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।
অন্যদিকে বাড়িতে লোক থাকা সত্ত্বেও ভর সন্ধ্যায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তারা ঘটনার দ্রুত তদন্ত ও পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
















