সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে দামোদর ভ্যালি কর্পোরেশন ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন ইউনিট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে তার কাজ ও প্রশাসনিক তৎপরতা। বুধবার সন্ধ্যায় এই বিষয়ে দুর্গাপুরের মহকুমা প্রশাসনিক ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সাংসদ সাংসদ কীর্তি আজাদ, জেলাশাসক পন্নামবলাম এস, মহকুমা শাসক সুমন বিশ্বাস, ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
বৈঠক শেষে সাংসদ জানান, এই বৃহদ প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে। তবে নানা প্রশাসনিক জটিলতা রয়েছে, সেগুলি দূর করতেই এই বৈঠক।
প্রসঙ্গত এত বড় প্রকল্পের জন্য শিল্পাঞ্চলে কয়েক হাজার গাছ কাটা পড়বে। যা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন পরিবেশবীদরা। বিশেষত দুর্গাপুর শিল্পাঞ্চলের বায়ু দিন দিন যেভাবে দূষিত হয়ে উঠছে তা নিয়ে উদ্বিগ্ন শিল্পাঞ্চলের সাধারণ মানুষ। যদিও প্রশাসনের তরফে দাবি দাবি করা হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষার দিকেও জোর দেওয়া হয়েছে।
এই বিষয়ে এদিনের বৈঠক শেষে ডিভিসির প্রকল্প অধিকর্তা সুকুমার সাহা বলেন,”এদিনের আলোচ্য বিষয় ছিল গাছ কাটা। এত বড় প্রকল্প করার জন্য ৭০০০ গাছ কাটা যাবে। ১০০০ গাছ প্রতিস্থাপন করা হবে। এবং বাকি গাছ কাটার ক্ষতিপূরণ হিসেবে ৩৫ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
শহরের মানুষ চাইছে উন্নয়ন ও পরিবেশ—দুইয়ের সমন্বয় ঘটিয়েই এই বৃহৎ প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হোক।


















