সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এক নাবালিকার গর্ভবতী হয়ে পরার ঘটনাকে কেন্দ্র এলাকার এক যুবককে গণপিটুনির অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনা দুর্গাপুরের রাঁচি কলোনি এলাকার। ঘটনাকে ঘিরে শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকার মহিলাদের ও নাবালিকাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠছিল। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, অভিযুক্তের আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে ছিল। এরই মধ্যে সম্প্রতি এলাকার এক নাবালিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের তরফে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় জানা যায়, ওই নাবালিকা গর্ভবতী। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নাবালিকার পরিবারের তরফে অভিযোগের আঙুল ওঠে ওই যুবকের দিকেই। এদিকে শুক্রবার সকালে অভিযুক্তকে এলাকায় দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয় বলে অভিযোগ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং যুবকে উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে নাবালিকার শারীরিক অবস্থা, অভিযোগের সত্যতা এবং গণপিটুনির ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


















