সংবাদদাতা,বাঁকুড়াঃ- স্বপ্ন পূরণ বাঁকুড়ার ছেলের। কর্পোরেট প্রিমিয়ার লিগের হয়ে বিদেশে খেলতে যাচ্ছে বাঁকুড়ার লোকপুরের ছেলে জয় ভকত। কর্পোরেট প্রিমিয়ার লিগের অন্যতম দল বেঙ্গালুরু রকেট নিলামে কিনেছে জয়কে। কর্পোরেট প্রিমিয়ার লিগের “টপ থ্রি বাই” এর মধ্যে নাম রয়েছে বাঁকুড়ার জয়ের।
কয়েক দিন বাদেই ওমানে অনুষ্ঠিত কর্পোরেট প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে জয়কে। এখন চলছে বিদেশের মাটিতে খেলতে যাওয়ার তোড়জোড়। তবে খেলার তোরজোরের পাশাপাশি পাসপোর্ট ভিসা নিয়েও দৌড়াদৌড়ি করতে হচ্ছে জয়কে, যা নিয়ে একটু চিন্তাতেও রয়েছেন তিনি।
বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার এক ছেলের এই স্বপ্নপুরণের উড়ান সহজ ছিল না। এর পেছনে রয়েছে গত প্রায় ১৭ বছরের সাধনা। বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাঠে রাজা মুখার্জির ক্রিকেট ক্যাম্পে ক্রিকেটের যাত্রা শুরু জয়ের। সেখানে খেলেছেন প্রায় দেড় দশক। এছাড়াও মুনির আলম, মলয় দাস এবং সৌরভ চক্রবর্তীর প্রশিক্ষণ পেয়েছেন। কলকাতা ক্রিকেট লিগেও খেলেছেন দুর্দান্ত ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার জয়।
ছেলের এই স্বপ্ন পূরণে খুশি জয়ের মা-বাবাও। তবে কিছুটা আক্ষেপের সুর শোনা গেল বাবার গলায়। তাঁর মতে বাঁকুড়ার ছেলেরা খেলার জগতে এবং কলকাতায় বঞ্চিত হয়ে এসেছে। জয়ও তার ব্যতিক্রম নয়। তবুও নিজের চেষ্টায় বিদেশের মাটিতে একটা জায়গা করে নিয়েছে। তবে ভবিষ্যতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সুযোগ পেলে আরও আনন্দিত হবেন তিনি।
জয়ের আশা তাঁর এই সাফল্য প্রত্যন্ত বাঁকুড়ার ছোট ছোট ছেলেমেয়েদের আগামীদিনে খেলের মাঠে টেনে আনতে উৎসাহিত করবে। কারণ এই গ্লোবাল ভিলেজের যুগে শুধু শহর নয় প্রত্যন্ত এলাকেতেও মোবাইল আর ভিডিও গেমের নেশায় বুঁদ নতুন প্রজন্ম। যা তাদের ঠেলে দিচ্ছে ডিপ্রেসেনের মতো অন্ধকারে। এই জয়েরাই এখন প্রত্যন্ত অঞ্চলের নতুন প্রজন্মের কাছে আইকন হয়ে তাদের স্বপ্নপূরণে দিশা দেখাতে পারে।


















